গোপনীয়তা
সর্বশেষ হালনাগাদ: ১৭ অক্টোবর ২০২৬
পূজোমণ্ডপ বাংলাদেশের দুর্গাপূজা মণ্ডপের একটি বিনামূল্যের মানচিত্র। মানচিত্র দেখতে আর কার্ড বানাতে কোনো অ্যাকাউন্ট লাগে না, আর আমরা যত কম সম্ভব তথ্য রাখি।
মানচিত্র আর কার্ড ব্যবহার
- আপনি যে মণ্ডপগুলো চিহ্নিত করেন, কার্ডের ছবি ও নাম, রং আর ভাষা—সবকিছু শুধু আপনার ডিভাইসের এই ব্রাউজারে থাকে। এগুলো কখনো আমাদের কাছে পাঠানো হয় না।
- ব্রাউজার থেকে এই সাইটের ডেটা মুছে দিলে এগুলোও মুছে যাবে।
- কোনো বিজ্ঞাপন, অ্যানালিটিক্স বা ট্র্যাকিং কুকি নেই।
মণ্ডপ যোগ করা (Google লগইন)
- শুধু মণ্ডপ বা ছবি যোগ করতে লগইন লাগে। লগইন হয় আপনার Google অ্যাকাউন্ট দিয়ে, আমাদের ডেটাবেস সেবা Supabase-এর মাধ্যমে।
- আমরা পাই আপনার নাম, ইমেইল ঠিকানা আর Google প্রোফাইল ছবি। আপনার ইমেইল সাইটে কোথাও দেখানো হয় না। ভুয়া এন্ট্রি আর স্প্যাম ঠেকাতে শুধু অ্যাডমিন যাচাইয়ের সময় এটা দেখেন।
- প্রতিটি এন্ট্রির সঙ্গে আমরা রাখি আপনি যা পাঠান: মণ্ডপের নাম, এলাকা ও জেলা, মানচিত্রের পিন, ছবি, আর পাঠানোর সময় আপনি মণ্ডপের কাছে ছিলেন কি না (আর কত দূরে)।
- আপনার ফোনের লোকেশন শুধু পিন বসাতে আর আপনি কাছে আছেন কি না দেখতে ব্যবহার হয়। আপনি কোথায় যান, তার কোনো হিসাব আমরা রাখি না।
- ছবি আপলোডের আগে আপনার ফোনেই ছবিটার একটা নতুন কপি তৈরি হয়। এতে ছবির ভেতরের লুকানো তথ্য—যেমন কোথায় বা কোন ফোনে তোলা—মুছে যায়।
কী সবাই দেখতে পায়
- অ্যাডমিন যাচাই না করা পর্যন্ত নতুন এন্ট্রি কেউ দেখতে পায় না।
- অনুমোদন পেলে মণ্ডপের নাম, এলাকা, জায়গা আর ছবি সবার জন্য মানচিত্রে দেখা যায়—আপনার নাম বা ইমেইল ছাড়া।
- বাতিল হলে ছবিটা মুছে ফেলা হয়। যারা ভুয়া এন্ট্রি পাঠান, তাদের নতুন কিছু যোগ করা বন্ধ করা হতে পারে।
যেসব সেবা ব্যবহার করি
- Supabase-এ লগইন, এন্ট্রি আর ছবি থাকে। Google লগইনের কাজটা করে। Vercel ওয়েবসাইটটি চালায়। OpenFreeMap রাস্তার মানচিত্র দেয়।
- যেকোনো ওয়েবসাইটের মতো এই সেবাগুলো আপনার IP ঠিকানা দেখতে পারে এবং নিরাপত্তার জন্য অল্প সময়ের কারিগরি লগ রাখতে পারে।
আপনার পছন্দ
- যেকোনো সময় লগআউট করতে পারেন।
- আপনার অ্যাকাউন্ট আর আপনার পাঠানো সব এন্ট্রি মুছে দিতে বলতে পারেন। আগেই অনুমোদন পাওয়া মণ্ডপ মানচিত্রে থেকে যাবে, কারণ তাতে আপনার কোনো ব্যক্তিগত তথ্য নেই।
এখানে কিছু বদলালে এই পাতা আর ওপরের তারিখ হালনাগাদ করা হবে।